১৪ বছর সিঙ্গাপুরে কাজ করে দেশে স্বপ্নের বাড়ি সুমনের

উন্নত জীবনের আশায় বছরের পর বছর পরিবারের থেকে দূরে সিঙ্গাপুরের নির্মাণ প্রকল্পে কাজ করে আসছেন অনেক বাংলাদেশি শ্রমিক। তাদেরই একজন সুমন, যিনি টানা ১৪ বছর সিঙ্গাপুরে কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্নের বাড়ি নির্মাণ করেছেন। কুমিল্লার বাসিন্দা সুমন তার এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে নিজের সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে তিনি নিয়োগকর্তাকে স্বাগত জানান এবং নিজের কষ্টার্জিত অর্থে গড়ে তোলা বাড়িটি তাকে ঘুরিয়ে দেখান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল আমিন গ্রামীণ ব্লগ’ নামের ফেসবুক পেজে সুমনের এই বাড়িটির ভিডিও প্রকাশ করা হয়, যা দ্রুতই ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত ভিডিওটি ৪৬ লাখের বেশিবার দেখা হয়েছে এবং ১ লাখ ৬০ হাজারের বেশি লাইক পেয়েছে। ‘হোসেন ভিলা’ নামের এই তিনতলা বাড়িটির আয়তন ২ হাজার ৫০০ বর্গফুট। বাড়ির প্রবেশপথে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পতাকা পাশাপাশি স্থাপন করা হয়েছে। সুমন জানান, যে দেশে তিনি বছরের পর বছর জীবিকা অর্জন করেছেন এবং যেটিকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন, সেই দেশের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।

বাড়িটিতে রয়েছে সুপরিসর আঙিনা, দৃষ্টিনন্দন প্যাঁচানো সিঁড়ি এবং তিনতলায় বিস্তৃত পাঁচটি শয়নকক্ষ। সুমন জানান, সিঙ্গাপুরে অভ্যন্তরীণ সাজসজ্জা বা ইন্টেরিয়র প্রকল্পে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে নিজের বাড়ির নকশা ও সাজসজ্জার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ব্যাপকভাবে সাহায্য করেছে। তিনি নিজের জমানো প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করেছেন এই বাড়িটি নির্মাণে।

ভিডিওতে সুমনের নিয়োগকর্তা, যার পরিচয় গোপন রাখা হয়েছে, বাড়িটি ঘুরে দেখে সুমনের এই অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি সুমনকে অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যতে নিজের সম্প্রদায়ের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন। সুমন এখনো সিঙ্গাপুরে কর্মরত আছেন। অনেক দর্শকই সুমনের এই বাড়িটিকে কেবল একটি স্থাপনা হিসেবে দেখছেন না, বরং এটি অভিবাসী শ্রমিকদের কঠোর পরিশ্রম, ত্যাগ ও দীর্ঘ অধ্যবসায়ের এক অনন্য স্মারক হয়ে উঠেছে।