গোপালগঞ্জে সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়: হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের হাসপাতাল সড়কে জেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর সমালোচনা করেন।

ড. আযাদ বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, গোপালগঞ্জে চলমান ধারাবাহিক সহিংসতা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, সরকারি স্থাপনায় ভাঙচুর এবং বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

এছাড়া অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার যে অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্তের দাবি জানান ড. আযাদ। স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা, যা স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।