দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (১৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে স্বর্ণ ও রুপার নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটি স্পষ্ট করেছে যে, স্বর্ণ ও রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, তাই ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৩ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।