সংঘাতের মধ্যেই ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন শান্তি আলোচনা

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেন নতুন করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে এই আলোচনায় অংশ নেন। আলোচনাটি সহজ ছিল না বলে উল্লেখ করলেও জেলেনস্কি জানান, অংশগ্রহণকারীরা বার্লিনে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বা ইউক্রেন-পন্থী দেশগুলোর জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে একমত হয়েছেন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই শান্তি আলোচনা আরও জোরদার করার পরিকল্পনা করছে।

জেলেনস্কি তার রাতের ভাষণে কূটনৈতিক প্রক্রিয়া সক্রিয়ভাবে এগিয়ে চলার কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এসব প্রচেষ্টা বৃথা যাবে না। তবে একই সঙ্গে তিনি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সতর্ক করেন যে, রাশিয়া সোমবার রাতে এবং মঙ্গলবার বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই সোমবার রাতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দিনিপ্রো নদীর ওপর অবস্থিত উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা হয়েছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরাও ওই সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল বলে জানা গেছে।

অন্যদিকে, ইউক্রেনও সোমবার রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ও বিভিন্ন তেল শোধনাগার লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ায় সবচেয়ে বড় রাতভর ড্রোন হামলার ঘটনা। এছাড়া ক্রিমিয়া সেতুও আক্রান্ত হয়েছে এবং টেলিগ্রামে দেওয়া বিবৃতি অনুযায়ী, মস্কোর আশপাশে প্রায় ২০০টি ড্রোন প্রতিহত করা হয়েছে।