বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠকে দলের এবং তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম অংশগ্রহণ করেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও সভায় উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন তৎপরতার প্রেক্ষাপটে বিএনপি এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। তবে বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপির এসব কর্মসূচি কোনো নির্দিষ্ট দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হবে না। একইসঙ্গে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, তেমন কোনো পদ্ধতিও অনুসরণ করা হবে না।
দলটির পরিকল্পনা অনুযায়ী, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক তৎপরতা বাড়ানো হবে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলনের পর ক্ষমতায় আসা বিএনপি এখন সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে চায়। বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি বিশেষ কিছু নয়, বিজয়ের মাস ডিসেম্বরে আমরা সাধারণত যেসব কর্মসূচি দিয়ে থাকি, এবারও তেমন কর্মসূচি থাকবে।

