১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে বিক্ষোভে এনসিপির শীর্ষ নেতারা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে সেখানে সমবেত হচ্ছেন দলটির শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে এনসিপি কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপি ও ছাত্রদল একই স্থানে পাল্টা কর্মসূচি দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবুও কর্মসূচি পালনের সিদ্ধান্তে অটল রয়েছে এনসিপি।

দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হবিগঞ্জের পথে রয়েছেন। এছাড়া নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা আগে থেকেই সেখানে অবস্থান করছেন। এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, নেতারা কর্মসূচিস্থলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে এবং ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি। হামলায় সারজিস আলমসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা অবরুদ্ধ হয়ে পড়েন এবং রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হবিগঞ্জ ত্যাগ করেন। এই ঘটনার পর বুধবার নতুন কর্মসূচির ঘোষণা দিলে হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রেক্ষিতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।