গোপালগঞ্জের ডিসি ও এসপি পদে বড় রদবদল

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশাসনের শীর্ষ এই পরিবর্তনের ঠিক আগে গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। এ সময় তাদের অনেককে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র বহন করতে দেখা গেছে। মহড়া দেওয়ার সময় অনেকের মাথায় হেলমেট ছিল এবং তারা নানা স্লোগান দেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সরকার গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে রদবদল আনল।