শিল্পখাতের গ্যাস সংকট সমাধানে বিশেষ উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতের চলমান গ্যাস সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রকৃত অবস্থা ও সহায়তার প্রয়োজনীয়তা জানতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এসব তথ্য জানান। তিনি জানান, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণেই শিল্পখাতে এই গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং সংকট সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শওকত আজিজ রাসেল আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা আশাবাদী। তিনি জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিংবা যেগুলোর উৎপাদন আংশিকভাবে ব্যাহত হচ্ছে, সেগুলোর কোথায় কী ধরনের সহায়তা প্রয়োজন তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

বিটিএমএ সভাপতি জানান, উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া এসব তথ্য বিশ্লেষণ করে শিল্পখাতের গ্যাস সংকট মোকাবিলা এবং উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।