বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, চলমান জ্বালানি সংকটের মধ্যেও চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬’ শীর্ষক আয়োজনে তিনি এ তথ্য জানান। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’।
মন্ত্রী জানান, ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার পর জানুয়ারি মাসের চাহিদা পূরণের লক্ষ্যে নতুন করে জ্বালানি কেনার পরিকল্পনা গ্রহণ করা হবে। বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ-এর কারিগরি সমস্যার কারণে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেক কমে গিয়েছিল। এর ফলে শিল্পকারখানাগুলো চরম ভোগান্তিতে পড়ে এবং অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়, যা বিদ্যুৎ উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
এই সংকট উত্তরণে দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সিঙ্গাপুরের বাজারে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে দাঁড়িয়েছে। এলএনজির উচ্চমূল্যের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি সামলাতে সরকার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু রাখতে বাধ্য হয়।
বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে মন্ত্রী দাবি করেন, গত দুই সপ্তাহে দেশে লোডশেডিংয়ের পরিমাণ খুবই কম ছিল। তিনি আরও বলেন, কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে যে বিঘ্ন ঘটছে, তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণেই হচ্ছে।

