২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

টানা এক বছরের বেশি সময় ধরে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় হামমুক্ত দেশের দীর্ঘদিনের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ বছর পর দেশটির এই মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় হিসেবে এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) রোগতাত্ত্বিক ও পরীক্ষাগার সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাস বা তার বেশি সময় ধরে দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ চলমান রয়েছে, যা মূলত স্থানীয়ভাবে ভাইরাসের বিস্তারের ইঙ্গিত দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্র তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হাম সংক্রমণের মুখে রয়েছে। ২০২৫ সাল থেকে দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন এবং ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর বৃহস্পতিবার পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জন রোগী শনাক্ত হয়েছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ২৮৯ জন।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য খাতের সুনামের জন্য বড় ধাক্কা হিসেবে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অন্য দেশগুলোও নিরুৎসাহিত হতে পারে। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক নোয়েল ব্রিউয়ারের মতে, হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ, তাই এত বেশি সংক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে মানুষের দ্বিধা বৃদ্ধি এবং টিকাদানের হার কমে যাওয়াকে এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও বছরের পর বছর ধরে টিকার নিরাপত্তা নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই সন্দেহ ছড়িয়ে আসছেন। হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে যুক্তরাষ্ট্রকে অন্তত ১২ মাস সংক্রমণমুক্ত থাকতে হবে। তবে সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ জানিয়েছেন, স্বীকৃতি হারালেও সংস্থাটি অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং টিকাদানে উৎসাহিত করবে।

২০০০ সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হাম নির্মূলের স্বীকৃতি পেয়েছিল। সাধারণত ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে হার্ড ইমিউনিটি তৈরি হয়, যা সুরক্ষা দেয়। দুই ডোজ হামের টিকা প্রায় ৯৭ শতাংশ কার্যকর, যা অন্ধত্ব, বধিরতা ও মস্তিষ্কের ক্ষতির মতো জটিল ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।