১৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে বর্তমান বাংলাদেশ সরকার তাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দেশে ফিরতে হলে তাকে যথাযথ প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণের আইনি শর্তগুলো পূরণ হয় কি না, তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে প্রশ্ন রয়েছে। এছাড়া তার নিরাপত্তা, মৃত্যুদণ্ড এবং দুদেশের রাজনৈতিক সম্পর্ক তার প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে উঠতে পারে।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের এই অবস্থানের সঙ্গে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিও কার্যত অসম্ভব বলে মনে করছে সূত্রগুলো। ভারতের অবস্থান পরিষ্কার; প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখনই তাকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে ভারতে আনা হয়েছিল। উড়োজাহাজটি চালিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা এবং পরে তাকে নয়াদিল্লির কাছে হিন্দন বিমানঘাঁটিতে নামিয়ে দেওয়া হয়।
শেখ হাসিনার রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট ও তার পরিবারের ইতিহাসও এখানে প্রাসঙ্গিক। ক্ষমতায় থাকাকালে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে গৃহবন্দি রাখা হয়েছিল। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের বয়স যখন মাত্র চার বছর, তখন ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে সেনা কর্মকর্তারা ট্যাংক ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঢুকে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের প্রায় সবাইকে হত্যা করেছিলেন। ১৯৮১ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও চট্টগ্রামে একটি সরকারি অতিথিশালায় অবস্থানকালে সেনাবাহিনীর বিপথগামী কতিপয় কর্মকর্তার একটি দল হত্যা করেছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃংখলা বাহিনীর অতীত এবং ২০২৪ সালে শেখ হাসিনার ঢাকা ছাড়ার পরিস্থিতি বিবেচনায় আপাতত তার প্রত্যর্পণ অসম্ভব বলেই মনে করা হচ্ছে। বর্তমানে কিছু গোষ্ঠীর কাছ থেকে শেখ হাসিনার জীবনের জন্য হুমকি রয়েছে, যা আগের প্রশাসনের সময় আরও সাহসী হয়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। ফলে তাকে প্রত্যর্পণের বিষয়ে যেকোনো আলোচনায় তার প্রাণনাশের আশঙ্কার বিষয়টি গুরুত্ব পাবে।
প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার জন্য আর দুটি পথ খোলা থাকতে পারে—পাসপোর্ট অথবা ট্রাভেল পাস। তার এই পাসপোর্টের আবেদনকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি পাসপোর্ট চাওয়ার বিষয়টিকে ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। আমরা তাদের হস্তান্তরের দাবি জানিয়েছি।’
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য উভয় দেশের আইনেই কমপক্ষে এক বছরের কারাদণ্ডের বিধান থাকতে হবে। চুক্তিতে ‘দ্বৈত অপরাধ’ বা ডুয়াল ক্রিমিনালিটির শর্ত রয়েছে, অর্থাৎ যে অপরাধের জন্য প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা দুদেশের নিজস্ব আইনেই অপরাধ হিসেবে গণ্য হতে হবে। এছাড়া রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ না হওয়ার সম্ভাবনা থাকে। তবে হত্যা, নরহত্যা, হামলা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিস্ফোরক ব্যবহারের মতো গুরুতর সহিংস অপরাধ রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতায় পড়ে না। বাংলাদেশ সরকার প্রকাশ্যেই শেখ হাসিনাকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে। এছাড়া বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত না হলে বা মামলাটি তুচ্ছ বলে প্রমাণিত হলেও প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।
তারেক রহমানের ক্ষেত্রে ট্রাভেল পাসের বিষয়টি ভিন্ন ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফিরেছিলেন। লন্ডনে অবস্থানকালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তিনি তা নবায়ন করেননি। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার আগপর্যন্ত সেখানেই ছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার হওয়ার পরই তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছিল, যা শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মেলে না।

