পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পান না, অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই। শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনটি বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
বিজিএমইএর সভাপতি জানান, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। তিনি আরও বলেন, আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন বজায় রাখা সম্ভব হবে না, মালিকপক্ষ চাইলে সেগুলোও ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।
মজুরি বোর্ডের বিষয়ে মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত মাস থেকেই পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এবং ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। মজুরি বোর্ডের আলোচনার পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তা পুরোপুরি শান্ত হয়নি।
এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের পক্ষ থেকে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি মজুরি বোর্ডের মাধ্যমে চলছে এবং এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকে বিরত থেকে মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তাঁরা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান। মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু-একটি জায়গায় আন্দোলন চলছে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।

