জাতীয় সংসদে নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে তিনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। নারীশিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে স্পিকার জানান, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালুর বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন তিনি।
বিদ্যালয়ের মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে স্পিকার প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ করে আর্থিক সংকটে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না এমন শিক্ষার্থীদের সহযোগিতায় প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

