বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে ভারত। দুই প্রতিবেশী দেশের সম্পর্কে নতুন করে কূটনৈতিক টানাপড়েন এবং আসন্ন কনস্যুলার সংলাপ পিছিয়ে যাওয়ার প্রেক্ষাপটে নয়াদিল্লি এই অবস্থানের কথা স্পষ্ট করেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈঠকটি আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, উভয় দেশের জন্য পারস্পরিক সুবিধাজনক নতুন একটি তারিখ নির্ধারণ করে শিগগিরই এ বৈঠকের আয়োজন করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত।’ তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতিতেও প্রাতিষ্ঠানিক ও কাঠামোবদ্ধ নানা প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের মধ্যকার যোগাযোগের মাধ্যমগুলো সচল রয়েছে। ইতোমধ্যেই বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ক্ষেত্রগুলোতে উভয় পক্ষের মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে।
জয়সওয়াল আরও উল্লেখ করেন, বর্তমান কাঠামোর আওতায় এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে সংলাপে বসতে ভারত প্রস্তুত। এ ছাড়া আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় আসবে বলেও জানান তিনি।

