৭৮তম জন্মদিনে নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের প্রতি ভক্তদের শ্রদ্ধা

মৃত্যু থামাতে পারেনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টির আবেদন, আর সময়ও মুছে দিতে পারেনি তাঁর পাঠকদের হৃদয়ে থাকা বিশেষ অবস্থান। উপন্যাসের কালজয়ী চরিত্র, নাটকের অনন্য সংলাপ কিংবা চলচ্চিত্রের গল্প—সবখানেই আজও সমানভাবে জীবন্ত তিনি। মৃত্যুর ১৪ বছর পেরিয়ে গেলেও হুমায়ূন আহমেদের প্রতি পাঠক ও দর্শকদের ভালোবাসা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ পাওয়া গেল তাঁর ৭৮তম জন্মদিনে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত প্রিয় লেখকের আবাসস্থল নুহাশ পল্লীতে ভিড় করেন সব বয়সের মানুষ।

সকাল থেকেই নুহাশ পল্লী ছিল ভক্তদের পদচারণায় মুখর। প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা আবৃত্তি এবং স্মৃতিচারণায় দিনটিকে স্মরণীয় করে রাখেন আগতরা। এদিন হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে এসে শ্রদ্ধা নিবেদন করেন। ভক্ত মনিকা বলেন, ‘হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন।’ পাঠক শাহিনুর বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে এখনো দৃশ্যমান। তাঁর অনেক বই পড়ার সুযোগ হয়েছে আমার। তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।’

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা জানান, লেখকের প্রয়াণের পর থেকে আজ পর্যন্ত নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতিই প্রমাণ করে মানুষের হৃদয়ে তাঁর অবস্থান কতটা গভীর। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন এবং তাদের প্রত্যাশা পূরণে কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট থাকে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যজগতে পরিচিতি পাওয়ার পর তিনি উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে নিজের এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্রগুলো আজও পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কথাসাহিত্যিক। পরে তাঁকে তাঁর প্রিয় নুহাশ পল্লীতেই সমাহিত করা হয়। তাঁর প্রয়াণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বই, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত তিনি। জন্মদিনে নুহাশ পল্লীতে ভক্তদের উপস্থিতি আবারও জানিয়ে দিল, সৃষ্টির মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকেন হুমায়ূন আহমেদ।