লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর (ইউনিফিল) কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যে দেশটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। আগামী সপ্তাহে তার লেবাননে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ইউনিফিলের বর্তমান মিশনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ যদি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত না নেয়, তবে ওই দিনই বাহিনীটির বর্তমান মিশনের অনুমোদন শেষ হয়ে যাবে।
চলতি সপ্তাহের শুরুতে ইউনিফিলের তীব্র সমালোচনা করেছেন মাইক ওয়াল্টজ। মঙ্গলবার নিউইয়র্কে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’ আয়োজিত এক সামিট অনুষ্ঠানে তিনি জাতিসংঘের এই শান্তিরক্ষী বাহিনীকে ‘সন্ত্রাসীদের মানবঢাল’ হিসেবে আখ্যায়িত করেন। ওই অনুষ্ঠানেই তিনি লেবানন সফরের উদ্দেশ্য পরিষ্কার করেন। তিনি বলেন, ‘ইউনিফিল নামে পরিচিত এই মানবঢাল সরিয়ে দেওয়া এবং গত ২০ বছর ধরে সেখানে থাকা শান্তিরক্ষা মিশনে পরিবর্তন আনাই হবে আমার লক্ষ্য।’
এদিকে ইউনিফিলের পরিবর্তে একটি বেসামরিক মিশন গঠনের বিষয়টিও যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউনিফিলের পরিবর্তে নতুন কোনো মিশন গঠন করা হলে সেখানে সামরিক বাহিনীর উপস্থিতি বাধ্যতামূলক নয়; এটি একটি বেসামরিক মিশনও হতে পারে।
উল্লেখ্য, লেবাননে দীর্ঘ সময় ধরে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউনিফিল। বর্তমানে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাহিনীটির ম্যান্ডেট বা কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। তবে নতুন কোনো সিদ্ধান্তের অভাবে বা মেয়াদ না বাড়লে নির্ধারিত সময়ের আগেই এর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

