বিশ্বজুড়ে ভুল তথ্যের বিস্তার ও প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি বাড়ছে

তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতি মানুষের সামনে তথ্যের বিশাল এক জগত উন্মুক্ত করেছে। বর্তমানে মুহূর্তের মধ্যে বিশ্বের এক প্রান্তের খবর অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো তথ্য আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। তবে তথ্যের এই অবাধ প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে ভুল তথ্য, গুজব এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। রাজনৈতিক স্বার্থ হাসিল, জনমতকে প্রভাবিত করা, প্রতিপক্ষকে ঘায়েল করা, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো এবং আন্তর্জাতিক বিরোধে সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে এসব মিথ্যা তথ্য ব্যবহার করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এই প্রবণতাকে আরও জটিল করে তুলেছে। এখন শুধুমাত্র মিথ্যা লেখা নয়, বরং বাস্তবের মতো দেখতে ছবি, ভিডিও এবং কণ্ঠস্বর তৈরি করেও মানুষকে বিভ্রান্ত করা সম্ভব হচ্ছে। এই ভুল তথ্যের বিস্তার এখন আর কোনো বিচ্ছিন্ন সামাজিক সমস্যা নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনীতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৬ সালের গ্লোবাল রিস্কস রিপোর্টে আগামী দুই বছরের জন্য ভুয়া তথ্য ও অপতথ্যকে দ্বিতীয় বড় বৈশ্বিক ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঝুঁকির সাথে ভূরাজনৈতিক সংঘাত, সামাজিক মেরুকরণ ও প্রযুক্তিগত পরিবর্তনের গভীর সম্পর্ক রয়েছে, যার প্রভাব এখন রাষ্ট্রীয় নীতিনির্ধারণেও পড়ছে।

তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের ইতিহাস বেশ পুরনো। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন মনস্তাত্ত্বিক কৌশল এবং প্রচারণাকে প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যবহার করত। তবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এই তথ্যযুদ্ধের ধরন পুরোপুরি বদলে গেছে। বর্তমানে কোনো রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, স্বার্থান্বেষী গোষ্ঠী, সংগঠিত অনলাইন নেটওয়ার্ক এবং সাধারণ ব্যক্তিও এই যুদ্ধে অংশ নিতে পারছে। আগে সংবাদ প্রচারের জন্য প্রতিষ্ঠিত গণমাধ্যমের প্রয়োজন হলেও, এখন একটি ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও কিংবা এক্স-এর একটি বার্তা কয়েক মিনিটেই লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম আবেগনির্ভর ও বিতর্কিত বিষয়গুলোকে সামনে নিয়ে আসায় সত্যতা যাচাইয়ের আগেই উত্তেজনাপূর্ণ তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ বাড়ছে।

তথ্যযুদ্ধের ক্ষেত্রে ভুল তথ্য বা 'মিসইনফরমেশন' এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য বা 'ডিসইনফরমেশন'—এই দুটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভুল তথ্য সবসময় ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয় না; অনেক সময় যাচাই ছাড়াই মানুষ তা অন্যের কাছে পাঠিয়ে দেয়। অন্যদিকে, অপতথ্য পরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের স্বার্থে তৈরি করা হয়। এর সাথে যুক্ত হয়েছে 'ম্যালইনফরমেশন', যেখানে সত্য কোনো তথ্যকে ক্ষতিকর উদ্দেশ্যে বিকৃত প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ০২আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩: ০২