সিডনির রাস্তায় স্ত্রীর সঙ্গে প্যাট কামিন্সের উত্তপ্ত কথোপকথন

সিরিশ কাগজ কাণ্ড নিয়ে চলমান নানা আলোচনার মধ্যেই অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা প্যাট কামিন্সকে ঘিরে নতুন এক গুঞ্জন তৈরি হয়েছে। সিডনির রাস্তায় তার স্ত্রী বেকির সঙ্গে তাকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর থেকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করে।

প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, প্যাট কামিন্সের দিকে হাত নেড়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন তার স্ত্রী বেকি। এই সময় কামিন্সকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং মাঝেমধ্যে তিনি দু-একটি কথা বলছিলেন। ভিডিওটি সামনে আসার পর নেটিজেনদের মধ্যে অনেকেই ধারণা করতে শুরু করেন যে, কামিন্সের ব্যক্তিগত জীবনে হয়তো কোনো সংকট তৈরি হয়েছে।

তবে এই জল্পনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘটনার কয়েক ঘণ্টা পরই বেকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাট কামিন্স এবং তাদের সন্তানের একটি ছবি শেয়ার করেন এবং ক্যাপশনে লেখেন, "আমার ভালোবাসারা।" এই পোস্টের মাধ্যমে তিনি তাদের সম্পর্কের দূরত্ব নিয়ে তৈরি হওয়া যাবতীয় গুঞ্জনের অবসান ঘটান।

এর আগে বৃহস্পতিবার সকালে প্যাট কামিন্স নিজেই একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, "সংবাদমাধ্যমের সঙ্গে এই সপ্তাহে কথা বলার সুযোগ পেয়ে খুশি। উজ়ি যে যে অভিযোগ এনেছে তা বোঝার জন্য কিছুটা সময় দরকার ছিল। তা হলে ঠিকঠাক উত্তর দিতে পারব।" কামিন্স জানিয়েছেন, শুক্রবার শেফিল্ড শিল্ডের ম্যাচ দেখতে তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে যাবেন এবং সেখানেই সকাল ৯.৩০টায় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।