বিশ্বনেতাদের কাছে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা 'ট্রান্সফরমেটিভ লিডারশিপ' বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও প্রধানমন্ত্রীর নির্বাচনি ম্যান্ডেটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী কপ৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেছেন। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

বৈঠকগুলোতে বিশ্বনেতারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও আন্তর্জাতিক ইস্যুতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্টও দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় মেয়র তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং আঞ্চলিক অর্থনৈতিক করিডর ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তারেক রহমানের এই রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা গুরুত্বের সঙ্গে দেখছেন।