সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, উত্তপ্ত জাতীয় সংসদ

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে কয়েক দফায় হট্টগোল ও হইচই হয়েছে। বুধবার প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সারের ডিলারশিপে দুর্নীতির বিষয়টি উত্থাপন করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার সম্পূরক প্রশ্নে বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম উল্লেখ করে দাবি করেন, সারের ডিলারশিপ পেতে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগনের স্ত্রী ডিলার হয়েছেন। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি সমর্থিত, যাদের মধ্যে ১০ জন আবার স্থানীয় নেতার আত্মীয়। তিনি আরও অভিযোগ করেন, দেশব্যাপী ডিলার নিয়োগে এক ধরনের মহোৎসব চলেছে এবং সংরক্ষিত আসনের এমপিরা অর্থের বিনিময়ে ডিও লেটার দিয়েছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি সরকার ২০০৯ সালে বিরোধী দলে থাকাকালে সংরক্ষিত আসনের এমপিদের দায়িত্ব দেওয়াকে অসাংবিধানিক বলেছিল, কিন্তু এখন তারাই একই কাজ করছে। তিনি কৃষিমন্ত্রীর কাছে জানতে চান, এই ডিলারশিপ নিয়োগ কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করা হবে কি না।

জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ বলেন, তিনি ‘উৎসব’ শব্দটিকে ভালো অর্থে ব্যবহার করেছেন। তার এই মন্তব্যে বিরোধী দলের সদস্যরা হইচই করে আপত্তি জানান। কৃষিমন্ত্রী নতুন মন্ত্রী হিসেবে ‘সাইড টক’ না করার অনুরোধ জানান এবং জানান যে ডিলার নিয়োগের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে দুটি কমিটি কাজ করেছে। তিনি বলেন, উপজেলা থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং সেখানে স্থানীয় সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ পান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এইভাবে হইচই করে নিজেদেরকে পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’ তিনি সদস্যদের ধৈর্য ধরে বক্তব্য শোনার আহ্বান জানান।

সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ সময় বক্তব্য রেখে বলেন, অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে লিখিতভাবে মন্ত্রীর কাছে দেওয়া যেতে পারে, অন্যথায় অসত্য বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি। বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখলে স্পিকার কাউকে ফ্লোর না দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।