আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৮৫ জন কর্মকর্তাকে কোর প্রশিক্ষক হিসেবে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বুধবার নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মোট তিন ব্যাচে ৮৫ জন কর্মকর্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যারা পরবর্তীতে মাঠ পর্যায়ের ভোটের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ঢাকার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রথম ব্যাচের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর, দ্বিতীয় ব্যাচের ১১-১২ নভেম্বর এবং তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ ১২-১৩ নভেম্বর সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে। দেশে মোট চার হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে, যার মধ্যে চলতি বছরেই তিন হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে বলে জানা গেছে। এছাড়া ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে তিন হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি।
নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ৪২৫টি। এসব কেন্দ্রে মোট দুই লাখ ১৫ হাজার ৭৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে স্থায়ী দুই লাখ দুই হাজার ১৫৯টি এবং অস্থায়ী ১৩ হাজার ৫৮০টি।
এর আগে, প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপপরিচালক (স্থানীয়) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে কোর ট্রেইনারদের প্রশিক্ষণ ১০ নভেম্বর তারিখ হতে (দুই) দিনব্যাপী ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হবে।

