যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের পদক্ষেপ আপাতত আটকে দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদে দলীয় অবস্থানের ভিত্তিতে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে অভিশংসন প্রস্তাবটি সরাসরি ভোটে না তুলে রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবটি ২১১-২০৪ ভোটে পাস হওয়ায় হেগসেথের অভিশংসন উদ্যোগ আপাতত স্থগিত হয়ে পড়ল।
এ সিদ্ধান্তের পরপরই নিজেদের ‘পূর্ণ বিজয়’ হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পোস্ট করে বলেন, ভিত্তিহীন অভিশংসন প্রস্তাবগুলো প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, যুদ্ধ মন্ত্রণালয় এবং মার্কিন সেনাদের জন্য একটি সম্পূর্ণ জয়। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও জানান, বিচার বিভাগীয় কমিটিতে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত আসবে এবং এই প্রহসনমূলক অভিশংসন চেষ্টার পাশাপাশি অপ্রয়োজনীয় বিতর্কের চির অবসান ঘটবে।
এর আগে বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি থমাস মেসি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের এই উদ্যোগ নিয়েছিলেন। প্রতিনিধি পরিষদে ভোটের সিদ্ধান্তের পর এখন প্রস্তাবটির ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে বিচার বিভাগীয় কমিটির ওপর।
চলতি বছরের আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিনিধি পরিষদের ওপর রিপাবলিকানদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে। ফলে এ বিষয়ে কোনো শুনানি অনুষ্ঠিত হবে কি না, অভিযোগের বিস্তারিত তদন্ত চালানো হবে কি না কিংবা অভিশংসনের এই উদ্যোগকে পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে কি না—সেই সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা রিপাবলিকান নেতৃত্বের হাতেই রয়েছে। বর্তমান নেতৃত্বের অধীনে এই প্রক্রিয়ায় নতুন করে অগ্রগতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
কমিটিতে পাঠানোর ফলে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অবিলম্বে প্রতিনিধি পরিষদে কোনো ভোটাভুটির মুখোমুখি হতে হচ্ছে না। পাশাপাশি মার্কিন সিনেটেও তাঁর বিরুদ্ধে অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আর কোনো তাৎক্ষণিক আশঙ্কা রইল না। তবে আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তবে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৬: ৫৩আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭: ০৩

