ফরিদপুর শহরের নতুন স্ট্যান্ড এলাকায় সোমবার দিবাগত মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কালাচান নামের ওই বাসের চালক আগুনে পুড়ে মারা গেছেন।
বাসস্ট্যান্ডের শ্রমিকদের দেওয়া তথ্যানুযায়ী, ফরিদপুর থেকে টেকের হাট রুটে চলাচলকারী ‘কিশোর তন্ময়’ নামের লোকাল বাসটি রাতের ট্রিপ শেষ করে স্ট্যান্ডের পাশে পার্ক করে রাখা হয়েছিল। চালক কালাচান রাতে কাজ শেষে বাসের ভেতরেই ঘুমাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হলে মুহূর্তের মধ্যে পুরো বাস পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান আর বের হতে পারেননি এবং আগুনে আটকা পড়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি জানান, অগ্নিকাণ্ডে বাসের ভেতরে আটকা পড়ে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করতে পুলিশের চেষ্টা চলছে।

