রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ডিএমপির হাতে গ্রেপ্তার ৪৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে নগরীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশ এ নিয়মিত অভিযান চালায়। অভিযান চলাকালে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিরপুর বিভাগ এলাকা থেকে সর্বোচ্চ ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া লালবাগ ও মতিঝিল বিভাগ থেকে ৫৯ জন করে এবং তেজগাঁও বিভাগ এলাকা থেকে ৫৬ জন গ্রেপ্তার হন। একই সময়ে ওয়ারী বিভাগে ৪৩ জন, গুলশান ও উত্তরা বিভাগ এলাকায় ৩৮ জন করে এবং রমনা বিভাগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন একজন।

অভিযান পরিচালনা করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবিস্ফোরিত ককটেল ও একটি অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। পাশাপাশি ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১০: ২৪আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০: ৩১