ফ্রান্সে ১ ডিসেম্বর থেকে ন্যূনতম মজুরি বাড়ছে ১.৬ শতাংশ

ফ্রান্সে জাতীয় ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কার্যকর হবে। বর্তমানে দেশটিতে ন্যূনতম মজুরির পরিমাণ ১ হাজার ৪৭৭ দশমিক ৯৩ ইউরো। এই বৃদ্ধির ফলে পূর্ণকালীন কর্মীদের মাসিক নিট ন্যূনতম মজুরি বেড়ে ১ হাজার ৫০২ ইউরোতে দাঁড়াবে। অর্থাৎ, ন্যূনতম মজুরিতে কর্মরত শ্রমিকেরা মাসে প্রায় ২৪ ইউরো বেশি পাবেন।

সোমবার (৯ নভেম্বর) প্যারিসের মাতিনিয়োঁতে শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের সঙ্গে সামাজিক সম্মেলনের পর এই ঘোষণা আসে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর উপস্থিতিতে শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দু জানান, নিট মজুরি ১ হাজার ৫০১ দশমিক ৬ ইউরো থেকে পূর্ণ ইউরোতে হিসাব করে ১ হাজার ৫০২ ইউরো নির্ধারণ করা হয়েছে। সচরাচর ফ্রান্সে প্রতি বছরের ১ জানুয়ারি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়, তবে এবার সরকার সেই সময় এগিয়ে এনে ১ ডিসেম্বর থেকেই বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

শ্রমমন্ত্রী আরও জানান, প্রস্তাবিত ১ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির মধ্যে মূল্যস্ফীতির ভিত্তিতে প্রায় ১ শতাংশ স্বয়ংক্রিয় সমন্বয় এবং সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, জানুয়ারি, জুন ও ডিসেম্বরের সমন্বয় মিলিয়ে ২০২৬ সালে ন্যূনতম মজুরি মোট ৫ দশমিক ৩ শতাংশ বাড়বে। এতে বছরের শুরু থেকে মাসিক নিট মজুরির পরিমাণ মোট প্রায় ৭৫ ইউরো বৃদ্ধি পাবে।

তবে সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নয় দেশটির শ্রমিক সংগঠনগুলো। সিএফডিটির সাধারণ সম্পাদক মারিলিজ লেয়োঁ জানিয়েছেন, ঘোষিত এই বৃদ্ধি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, কারণ তারা মাসে ১০০ ইউরো মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। এছাড়া সিজিটি শ্রমিক সংগঠন ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়ে সরকারের এই ঘোষণাকে অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি নিয়ে অসন্তোষের মধ্যে সিজিটি আগামী ১৭ নভেম্বর নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। ফ্রান্সে এসএমআইসি নামে পরিচিত এই জাতীয় ন্যূনতম মজুরি পূর্ণকালীন ৩৫ ঘণ্টার কর্মসপ্তাহের ভিত্তিতে হিসাব করা হয়।