দেশের বিদ্যমান বন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধাব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় কমিটিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২০ নভেম্বরের মধ্যে এই কমিটিকে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন এই কমিটিকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বর্তমান বন্ডব্যবস্থা পর্যালোচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে, প্রতিযোগিতামূলক দেশগুলোর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। মূলত ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানি নিয়ে দেশীয় বস্ত্রকল মালিক এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ৭ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহার করে একটি আদেশ জারি করেছিল। এইচএস কোড ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতায় আমদানিকৃত সুতার ক্ষেত্রে শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়। এর আগে ২০ আগস্ট আন্তমন্ত্রণালয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্তের সুপারিশ করা হয়েছিল, যেখানে রপ্তানিকারকদের প্রয়োজনীয় সুতার অন্তত ৫০ শতাংশ দেশীয় উৎস থেকে সংগ্রহের পরামর্শ ছিল। তবে রপ্তানিকারকদের আপত্তির মুখে ১৩ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে ওই আদেশ স্থগিত রেখে পুনর্বিবেচনার অনুরোধ জানায়।
রপ্তানিকারকদের আশঙ্কা ছিল, এই সিদ্ধান্ত কার্যকর হলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটবে। বিষয়টি পরবর্তীতে গড়ায় আদালত পর্যন্ত। গত ২৯ অক্টোবর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন এবং মন্ত্রণালয়ের ওই পদক্ষেপের বৈধতা নিয়ে রুল জারি করেন। এনবিআরের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এইচএস কোডের আওতায় সুতা আমদানি ২০২২-২৩ অর্থবছরের ৩৫০ দশমিক ৮ মিলিয়ন কেজি থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬৯৭ দশমিক ১ মিলিয়ন কেজিতে দাঁড়িয়েছে, যার জন্য ওই অর্থবছরে আমদানি ব্যয় হয়েছে ২৬ হাজার ৭০০ কোটি টাকা।
বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম ইসলামসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

