প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করা হবে হাজার গাছ

দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের একটি করে প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সেই সড়কের পাশে অন্তত এক হাজার করে গাছ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দিকনির্দেশনা জারি করা হয়েছে।

গত ৮ নভেম্বর জারি করা এক চিঠির মাধ্যমে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমেই চিহ্নিত সড়কের পাশে অন্তত এক হাজার গাছ রোপণ করা হবে। পরবর্তীতে এই রোপণ করা গাছগুলোকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় আনা হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বণ্টন করা হবে। অবশিষ্ট ৬০ শতাংশ অর্থ উক্ত ইউনিয়নের পরিবেশের অনুকূল কার্যক্রমে ব্যয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর বিভাগকে বিষয়টি অবহিত করতেও বলা হয়েছে চিঠিতে। ইতোমধ্যে নির্দেশনার অনুলিপি সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ অন্যান্য কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।