রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা অব্যাহত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের পর এবার পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্ট এলাকায় নতুন করে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই দিনে সন্ধ্যায় ভাটারা এলাকায় দুর্বৃত্তরা একটি স্কুলবাসে আগুন ধরিয়ে দেয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন। সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।
একই দিন রাত ১১টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের বহির্গমন ফটকে বিস্ফোরণ ঘটে। এর ঠিক আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পান্থপথেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে পুলিশ।
এর আগের রাতে যাত্রাবাড়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এছাড়া মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়।

