বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে সামনে রেখে তার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের কূটনৈতিক হস্তক্ষেপ চেয়েছেন দেশটির ছয় আইনপ্রণেতা। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে তারা বাংলাদেশের বিচারব্যবস্থার রাজনৈতিক ব্যবহার বন্ধ, নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন বৃটিশ এমপি বব ব্ল্যাকম্যান, সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য চার্লস ট্যানকক এবং স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান। গত ৪ নভেম্বর বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে এই চিঠি দিয়েছেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের স্বাধীন তদন্ত ও ন্যায়বিচারের পাশাপাশি অভিযুক্তের মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারা স্পষ্ট করেছেন, শেখ হাসিনার জন্য কোনো দায়মুক্তি কিংবা আগাম বিচারিক সিদ্ধান্ত তারা চাইছেন না।
চিঠিতে বৃটিশ সরকারের কাছে চারটি সুনির্দিষ্ট উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রথমত, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন, গুম ও সহিংসতার ঝুঁকি থেকে তাকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয়ত, তার পছন্দের আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং কার্যকর আইনি প্রতিকার নিশ্চিত করা। তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় বিচারপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট অভিযোগের স্বাধীন তদন্ত ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা। চতুর্থত, রাজনৈতিক সহিংসতা, প্রতিশোধ ও ভয়ভীতি বন্ধে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক সহযোগিতা প্রদান করা।
বব ব্ল্যাকম্যানের নিবন্ধে আরও বলা হয়, ঢাকার বৃটিশ হাইকমিশনকে বাংলাদেশের সরকার, অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। এ রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড ও আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। অন্যদিকে যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।

