সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিসটি প্রদান করেছেন। রোববার শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই আইনি নোটিস পাঠানো হয়।
নোটিসে পরীমণিকে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে, ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য—যা চলচ্চিত্র, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র বা গ্রাফিকসের মাধ্যমে প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, নোটিসের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ দিনের মধ্যে শোকজ নোটিস প্রদানপূর্বক পরীমণির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া এবং তাকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে।
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১৩: ২৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৩: ৩১

