নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের নেতৃত্বাধীন মধ্যডানপন্থী ন্যাশনাল পার্টি ৪২টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন নিশ্চিত করলেও, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৯টি আসন পিছিয়ে রয়েছে।
ন্যাশনাল পার্টি যদি অ্যাক্ট পার্টি ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে জোট গঠন করতে পারে, তবেই তারা বামঘেঁষা জোটের চেয়ে সামান্য এগিয়ে যেতে পারবে। তবে এজন্য দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি। বিরোধীদলীয় নেতা ক্রিস হিপকিন্সের লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন। হিপকিন্স এখনো পরাজয় স্বীকার করেননি এবং তিনি জানিয়েছেন যে পরবর্তী সরকার কেমন হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, বিষয়টি পরিষ্কার হতে আরও সময় প্রয়োজন।
এবারের নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বেকারত্বের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রাক্কলন অনুযায়ী, ন্যাশনাল পার্টি ৪২, লেবার পার্টি ৩৬, গ্রিন পার্টি ১৬, অ্যাক্ট পার্টি ১৩, নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি ১২, অপারচুনিটি পার্টি ৭ এবং মাওরিদের প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পার্টি ৫টি আসন পেয়েছে।
নিউজিল্যান্ড নির্বাচন কমিশন আগামী ২৭ নভেম্বর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। লাক্সন তাঁর প্রতিপক্ষ হিপকিন্সকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি জানান, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পর্যন্ত বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং চূড়ান্ত ফলের পরই অর্থবহ আলোচনা শুরু হবে।
অন্যদিকে লেবার নেতা হিপকিন্স জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, ফলাফল থেকে এটি স্পষ্ট যে পরবর্তী পার্লামেন্টে সবাইকে ছাড় দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে ৯৯ শতাংশের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ন্যাশনাল ও লেবার পার্টির মধ্যে ব্যবধান খুবই সামান্য।

