৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের ডিসিকে অপসারণের দাবি ছাত্রদলের

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া ঘটনার জেরে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। জয়পুরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে জেলা প্রশাসককে (ডিসিকো) আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়েছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

শনিবার রাতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলামের ফেসবুক আইডি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ ও দাবি জানানোর বিষয়টি জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় দেওয়া এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম। পরে মুঠোফোনে প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ছবি রাখা হয়নি। এছাড়া অনুষ্ঠান চলাকালে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করলেও অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন। এই পুরো ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে জেলা ছাত্রদল।

উল্লেখ্য, শনিবার আয়োজিত ওই আলোচনা সভার শুরুতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি অনুপস্থিত থাকা নিয়ে হট্টগোল শুরু হয়। পরবর্তীতে ব্যানারে ছবি সংযোজন করে অনুষ্ঠান পুনরায় চালু করা হলেও এক বক্তার বক্তব্য কেন্দ্র করে দ্বিতীয় দফায় সেখানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সার্বিক পরিস্থিতিতে জয়পুরহাটের জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং এই ঘটনার পেছনে থাকা কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।