দখলদার ইসরাইলে নতুন জোট সরকার গঠনের লক্ষ্যে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। গত সপ্তাহের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা আইজেনকট—কারও পক্ষেই পার্লামেন্ট নেসেটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হয়নি। এ অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট এই সিদ্ধান্তের কথা জানান।
নতুন সরকার গঠনের জন্য সাবেক সেনাপ্রধান আইজেনকট এখন ২৮ দিন সময় পাবেন। তবে প্রয়োজনে এই মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গাদি আইজেনকট লেখেন, ‘এখন সময় এসেছে একটি জাতীয় জরুরি সরকার গঠনের। জনগণের বিশ্বাসের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি সবটুকু করার চেষ্টা করব।’
প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে আইজেনকট ও নেতানিয়াহু উভয়কেই অবহিত করা হয়েছে। নবনির্বাচিত নেসেট সদস্যদের মধ্যে আইজেনকট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে ৪৬ জনের। ইসরাইলের রাজনৈতিক ইতিহাসে আজ পর্যন্ত কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে দেশটিতে সবসময়ই জোট সরকার গঠিত হয়ে আসছে।
এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ইউনাইটেড আরব লিস্ট এবং জয়েন্ট লিস্ট রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করেছে। এই ফলাফলের ফলে আরব দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে ‘কিংমেকার’ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও অধিকাংশ ইহুদি রাজনৈতিক দলই নির্বাচনের আগে আরব দলগুলোর সঙ্গে কোনো সরকার না গড়ার অঙ্গীকার করেছিল।
বর্তমানে সরকার গঠনের তিনটি পথ খোলা রয়েছে—নেতানিয়াহু ও আইজেনকটের সমন্বয়ে একটি জাতীয় ঐক্যের সরকার, নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট অথবা আরব দলগুলোর সমর্থনে আইজেনকটের নেতৃত্বাধীন সরকার। আইজেনকট ও তার ব্লকের অধিকাংশ সদস্য এতদিন আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও পর্দার আড়ালে কোনো ধরনের সমঝোতার গুঞ্জন রয়েছে। এছাড়া তিনি আল্ট্রা-অর্থোডক্স দলগুলোর সঙ্গেও চুক্তি করার চেষ্টা করতে পারেন, যা বেশ জটিল একটি প্রক্রিয়া।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে ইসরাইল। সমঝোতার অভাবে সে সময় তিন বছরে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ২০২০ সালে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টস ক্ষমতার হাতবদলের ভিত্তিতে একটি ঐক্যের সরকার গঠনে চুক্তিবদ্ধ হয়েছিলেন, যা ইসরাইলের ইতিহাসে নতুন কিছু নয়।

