যুদ্ধ শুরুর চেয়ে সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী: ইরান

চলমান দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে যখন বিভিন্ন মধ্যস্থতাকারী দেশ যুদ্ধবিরতির লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে, তখন ইরান দাবি করেছে যে তাদের সামরিক বাহিনী যুদ্ধের শুরুর সময়ের তুলনায় এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। আলজাজিরার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সাম্প্রতিক কৌশলগত যোগাযোগের কথা জানান। তিনি উল্লেখ করেন, বিগত ৪৮ ঘণ্টার মধ্যে তিনি মোট ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ তালিকায় রয়েছে তুরস্ক, পাকিস্তান, কাতার, ওমান, মিসর, জর্ডান, সৌদি আরব, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তিউনিসিয়া ও ইরাক। এসব কূটনৈতিক আলোচনায় তিনি আঞ্চলিক সার্বভৌমত্ব বজায় রাখা এবং বহিরাগত কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর গুরুত্ব প্রদান করেন।

এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সামরিক অবস্থান পরিষ্কার করে জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের উত্থাপিত দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই রাখা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধ শুরুর মুহূর্তের চেয়ে এখন অনেক বেশি উচ্চ সতর্কতায় রয়েছে এবং সার্বিকভাবে আগের চেয়েও শক্তিশালী অবস্থায় অবস্থান করছে।

পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেন মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানোর কাজ থেমে নেই, বরং নিয়মিতভাবেই সেই কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অন্যদিকে, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে মার্কিন প্রশাসনের আন্তরিক সদিচ্ছার প্রশংসা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি।