ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরগুলো প্লাবিত হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বন্যাপ্রবণ এলাকায় ও ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নেওয়া পরিবারগুলো বর্তমানে চরম ও তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া তথ্য অনুযায়ী, গাজার ২১ লাখ বাসিন্দার সিংহভাগই এখন বাস্তুচ্যুত। এদের অনেকেই জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছেন, যা প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় একেবারেই অপর্যাপ্ত। সংস্থাটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবার এবং দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষদের নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।
মানবিক সহায়তাকারী সংগঠনগুলো ইতিমধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ শুরু করেছে। তবে ওসিএইচএর ভাষ্যমতে, বর্তমানে মজুত থাকা সামগ্রী প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। গত কয়েক মাস ধরে অর্থায়নের ঘাটতি এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এই সংকটময় পরিস্থিতিতে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রী, ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন অয়েল এবং খুচরা যন্ত্রাংশ দ্রুত গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মানবিক সহায়তায় ব্যবহৃত জেনারেটর ও যানবাহন সচল রাখতে এই সরঞ্জামগুলো অপরিহার্য। এছাড়া, গাজায় চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে আরও অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে সংস্থাটি।

