ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিলে নগদ ২ কোটি ডলার বা প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই বিশাল অঙ্কের পুরস্কার প্রদান করা হবে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত গোপন স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক বা অন্য যেকোনো ব্যক্তির বিষয়ে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পারমাণবিক কার্যক্রমে ঠিকমতো নজরদারি করতে পারছে না, কারণ দেশটি সংস্থাটির নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতা মানছে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো গুরুত্বপূর্ণ উপকরণের তৈরি ও মজুত সম্পর্কে সংস্থাটি ধারাবাহিকভাবে তথ্য পাচ্ছে না। তবে ঠিক কী ধরনের তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো শর্ত জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ট্রাম্প আরও দাবি করেন, আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটি এখন যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে চুক্তি করতে আগ্রহী।
অন্যদিকে, যুদ্ধ যাতে আর শুরু না হয় সেজন্য মধ্যস্থতাকারী দেশগুলো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন, তাঁর সরকার এখনো আলোচনার মাধ্যমেই সংকট সমাধানের চেষ্টা করছে। উল্লেখ্য, এর আগে ট্রাম্প মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতে অবস্থিত একটি কথিত পারমাণবিক স্থাপনায় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, যদিও ইরান তা অস্বীকার করে আসছে।

