রমজান মাস শুরু হতে এখনো বেশ কয়েক মাস বাকি রয়েছে। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে ছোলার দাম কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ছোলার পাশাপাশি ছোলার ডালের দামও বেড়েছে।
শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা দরে, অথচ গত সপ্তাহেও এই দাম ছিল ১০০ টাকার নিচে। একই সঙ্গে ছোলার ডালের দাম বেড়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে দাঁড়িয়েছে।
মালিবাগ এলাকার ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম জানান, পাইকারি আড়তদাররা ছোলার দাম বাড়িয়ে দিয়েছেন। গত সপ্তাহে তিনি যে ছোলা ৯২ থেকে ৯৫ টাকা কেজি দরে কিনেছিলেন, এখন সেটি পাইকারিতে ১০২ থেকে ১০৫ টাকা পড়ছে। তিনি বলেন, রমজান আসার আগেই পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জামিল হোসেন বলেন, রমজান আসতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই ছোলার দাম বৃদ্ধি পুরোপুরি সিন্ডিকেটের কারসাজি। প্রতি বছর রমজানের অজুহাতে আগেভাগেই বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের পকেটের ওপর চাপ সৃষ্টি করে।
এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম কিছুটা কমেছে। পাইকারি বাজার-সংলগ্ন এলাকায় প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কম। এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা কেজিতে নেমে এসেছে। তবে গ্রীষ্মকালীন সবজি এখনো ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন, শসা ও গাজরের দাম তুলনামূলক বেশি।
পেঁয়াজের দাম কিছুটা কমে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে নেমেছে, তবে আদা ও রসুনের দাম এখনো চড়া। বাজারে রসুন ১৫০ থেকে ১৮০ টাকা এবং আদা ১৪০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি, যা ২০৫ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া চিনি ১১০ থেকে ১১৫ টাকা এবং মানভেদে মসুর ডাল ৯০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ থেকে ৫৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারও রয়েছে চড়া; প্রতি কেজি পাঙাশ ২২০ থেকে ২৬০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, রুই ও কাতলা ৩৬০ থেকে ৫৫০ টাকা এবং আকার ও মানভেদে চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

