ফ্রান্সে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে জাতীয় বিক্ষোভ ও ধর্মঘটকে কেন্দ্র করে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিক্ষোভের সময় কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, লুটপাট কিংবা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ। এই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও জেন্ডারম সদস্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। মন্ত্রী স্পষ্ট করেছেন যে, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের আটক করা হবে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লরাঁ নুনিয়েজ বলেন, ৫ নভেম্বরের কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর প্রধান লক্ষ্য থাকবে শান্তিপূর্ণ বিক্ষোভ নিশ্চিত করা এবং অনুমোদিত মিছিলগুলো নির্বিঘ্নে শেষ হতে দেওয়া। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সারা দেশে ২২০টিরও বেশি বিক্ষোভ ও জনসমাগম কর্মসূচি রয়েছে। বেতন বৃদ্ধি, কর্মসংস্থান ও শ্রমিকদের অধিকারসহ বিভিন্ন দাবিতে প্রধান শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে, যেখানে সরকারি-বেসরকারি খাতের কর্মী, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্তদের অংশ নেওয়ার কথা রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি বিশেষ ঝুঁকির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে মুখোশধারী ‘ব্ল্যাক ব্লক’ গোষ্ঠীর উপস্থিতি, অনুমোদনহীন মিছিল এবং সরকারি স্থাপনা ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের আশঙ্কা। নিরাপত্তা পরিকল্পনায় বিশেষায়িত পুলিশ ও জেন্ডারম ইউনিটের পাশাপাশি রেইড, জিআইএন এবং বিএরআই সদস্যদেরও রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২৬টি সাঁজোয়া যান, প্রায় ১৫টি জলকামান, হেলিকপ্টার ও ড্রোন। এছাড়া সম্ভাব্য সহিংসতায় ব্যবহৃত হতে পারে এমন বস্তু বহনকারী ব্যক্তিদের শনাক্ত করতে সড়ক, রেলপথ ও গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে তল্লাশি জোরদার করা হবে।

৩১ অক্টোবরের বিক্ষোভে যে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল, ৫ নভেম্বরেও প্রায় একই ধরনের ব্যবস্থা কার্যকর থাকবে। পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ইউনিটগুলোকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। প্যারিসে বিক্ষোভকারীদের প্রস্তাবিত বাস্তিল থেকে কনকর্ড পর্যন্ত মিছিলের পথ পুলিশ প্রিফেকচার অনুমোদন করেনি। নিরাপত্তাঝুঁকির কারণে এর পরিবর্তে রিপাবলিক চত্বর থেকে নেশন চত্বর পর্যন্ত বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে। তবে অধিকাংশ শহরে বিক্ষোভের পথ নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও আয়োজকদের মধ্যে সমঝোতা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

গত ৩১ অক্টোবর ফ্রান্সজুড়ে ২৯১টি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। ওই দিনের বিক্ষোভ এবং পরবর্তী হ্যালোইন রাত মিলিয়ে মোট ৭৭৯ জনকে আটক করা হয়েছিল। গত কয়েক সপ্তাহের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে হামলা ও লুটপাটের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই সরকার এবার কঠোর প্রস্তুতি নিয়েছে, তবে একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করার কথাও পুনর্ব্যক্ত করেছে প্রশাসন।

মন্ত্রণালয়ের হিসাবে, রাত ৯টা পর্যন্ত আটক হন ৫৬৫ জন।

পরবর্তী সময়ে হ্যালোইন রাতের ঘটনায় আরও ২১৪ জন আটক হন।