নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছ লাগানো ও তার ছায়া পড়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। নিহত হাসানুর ওই এলাকার ছত্তার শেখের ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই, তার দুই ছেলে ও এক মেয়েকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজের বসতবাড়ির পাশে থাকা সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। সে সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ ঘটনাস্থলে এসে আপত্তি জানান। গাছের ছায়া তার নিজের জমিতে পড়বে এমন দাবি তুলে তিনি বাধা দিলে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাসানুরের ওপর চড়াও হন এবং তাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।
পরে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় হাসানুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

