কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চালু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সরকারি অনুমোদন পাওয়া তিনটি জাহাজ—এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ পর্যায়ক্রমে যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেবে।

জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, রুটটিতে চলাচলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বৃহস্পতিবার সকাল থেকেই জাহাজ চলাচল শুরু হবে।

অনুমোদিত তিন জাহাজে মোট ২ হাজার ২৯৮ জন যাত্রী পরিবহনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলিতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন।

যাত্রার নির্ধারিত সময়সূচি অনুসারে, কক্সবাজার থেকে সকাল ৭টায় এমভি বার আউলিয়া, ৭টা ১৫ মিনিটে এমভি কর্ণফুলি এবং ৮টা ১৫ মিনিটে এমভি টেকনাফ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে ফেরার পথে সেন্টমার্টিন থেকে দুপুর ২টা ১৫ মিনিটে এমভি কর্ণফুলি, বেলা আড়াইটায় এমভি বার আউলিয়া এবং বিকেল সাড়ে ৩টায় এমভি টেকনাফ কক্সবাজারের উদ্দেশে রওনা হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে ভ্রমণ এবং রাতে অবস্থান করার সুযোগ পাবেন। তবে দ্বীপে দিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকবে। প্রত্যেক পর্যটকের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে এবং ভ্রমণের জন্য ১০০ টাকা হারে পরিবেশ সংরক্ষণ ফি পরিশোধ করতে হবে।

দীর্ঘ দিন পর জাহাজ চলাচল শুরু হওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মাঝে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তবে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও সার্বিক ভারসাম্য রক্ষায় আগত পর্যটকদের সরকারি নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।