ভোমরা স্থলবন্দরে ভারতীয় নাগরিকের পায়ুপথে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর ভোমরা আইসিপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ওই ভারতীয় নাগরিকের পায়ুপথে লুকিয়ে রাখা দুই প্যাকেট স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়, যার ওজন ৮১৩ দশমিক ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার দিবাগত রাতে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ওই ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর স্বর্ণের পেস্ট ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ অভিযানিক দল তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তল্লাশির সময় তাঁর শরীরের অভ্যন্তরে স্বর্ণ থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর, শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা পরীক্ষার মাধ্যমেই পায়ুপথে লুকানো স্বর্ণের প্যাকেটগুলো উদ্ধার করা সম্ভব হয়।

এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের অভিযান ও তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।