যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ দেশটির পূর্বাঞ্চলীয় ভারমন্ট রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে। দেশটিতে অঙ্গরাজ্যভেদে ভোটগ্রহণ শুরুর ও শেষ হওয়ার সময় আলাদা হওয়ায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু বা শেষ হচ্ছে না।
দেশটিতে এবার আগাম ভোটের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরুর আগেই প্রায় ৫ কোটি ৮৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট) পর্যন্ত মোট ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬২টি ভোট জমা পড়েছে। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, আগাম ভোট দেয়া ব্যক্তিদের মধ্যে ৩ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫২১ জন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন, আর ডাকযোগে ব্যালট পাঠিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৫৪১ জন ভোটার।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগাম ভোট দেয়ার সুযোগ অনেক বেড়েছে। সেন্টার ফর ইলেকশন ইনোভেশন অ্যান্ড রিসার্চের তথ্যমতে, দেশটির প্রায় ৯৭ শতাংশ ভোটার এমন এলাকায় বাস করেন যেখানে নির্বাচনের নির্ধারিত দিনের আগেই ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসা শুরু করবে। অনেক রাজ্যে চূড়ান্ত ফলাফলের জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এবারের মধ্যবর্তী নির্বাচনে ২৩ কোটির বেশি যোগ্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ৩৫টি আসন এবং ৩৬টি রাজ্যে গভর্নর পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

