গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা দাবি: ৬ ‘সমন্বয়কের’ বিরুদ্ধে পিবিআইয়ের চার্জশিট

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের বাসায় অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর স্বামীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। পরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আদায় করা হয় ১০ লাখ টাকা। কয়েক দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত ব্যক্তিরা। গুলশানের এই চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

পিবিআইয়ের তদন্তে উল্লেখ করা হয়েছে, গত ২০২৫ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সক্রিয় কর্মী পরিচয় দিয়ে নিয়মিত থানায় যাতায়াত শুরু করেন। পুলিশকে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তারে তথ্যের সহায়তা দেওয়ার নাম করে তাঁরা সখ্য গড়ে তোলেন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাঁরা বিভিন্ন লোককে ‘আওয়ামী লীগের দোসর’ বা সমর্থক আখ্যা দিয়ে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অবৈধ আর্থিক সুবিধা আদায় ও চাঁদাবাজি পরিচালনা করেন।

তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ মুন্সী গত ১৫ অক্টোবর ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে প্রধান আসামি আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ ও জানে আলম অপুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮৫ ও ৩৮৬ ধারার অপরাধ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। অপর চার আসামি সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও কিশোর আমিনুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮ ও ৩৮৫ ধারার অপরাধের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। আসামিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে। আগামী ১০ নভেম্বর ঢাকার আদালতে চার্জশিট গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে। বর্তমানে ছয় আসামিই জামিনে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুলাই গুলশান থানায় মামলাটি দায়ের করেন গুলশান-২-এর ৮৩ নম্বর সড়কের বাসিন্দা ৭৫ বছর বয়সী সিদ্দিক আবু জাফর। তিনি সাবেক এমপি শাম্মী আহম্মেদের স্বামী। প্রথমে মামলাটির তদন্ত করেন গুলশান থানার এসআই মোখলেছুর রহমান, যা পরে পিবিআইয়ে হস্তান্তরিত হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই রাতে সাবেক এমপি শাম্মী আহম্মেদ গুলশানের বাসায় আছেন খবর পেয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে গুলশান-২ গোলচত্বরে জড়ো হন অভিযুক্তরা। পরে আবদুর রাজ্জাক ও জানে আলম অপু রাত ২টার দিকে গুলশান থানায় গিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানের ব্যবস্থা করতে বলেন। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশে ১৭ জুলাই ভোরে এসআই আরমান আলীর নেতৃত্বে একটি পুলিশ দল এবং রাজ্জাক, অপুর সাথে সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলামসহ ১০-১২ জন বাসায় ঢোকেন। তবে সাবেক এমপিকে না পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে তল্লাশিসূচি বানিয়ে পুলিশসহ তারা বেরিয়ে যান।

পুলিশ চলে যাওয়ার পরপরই আবদুর রাজ্জাক ও জানে আলম অপু পুনরায় ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। তাঁরা বাসার মালিক সিদ্দিক আবু জাফরকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে গ্রেপ্তারের হুমকি দেন। বাধ্য হয়ে বাদী নগদ ১০ লাখ টাকা দেন এবং বাকি ৪০ লাখ টাকা পরে দেওয়ার আশ্বাস দেন। টাকা লেনদেনের ভিডিও ফুটেজও পিবিআই হস্তগত করেছে। এরপর ১৯ জুলাই রাতে তারা আবার বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করলেও কেউ না খোলায় ফিরে যান, যা তাদের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণে প্রমাণিত হয়।

পরবর্তীকালে ২৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে বাকি ৪০ লাখ টাকা নিতে আসামিরা বাসার সামনে পৌঁছালে নিরাপত্তারক্ষী মো. হান্নান মুঠোফোনে ফ্ল্যাটের মালিককে জানান। বাইরে থাকা সিদ্দিক আবু জাফর তাৎক্ষণিক গুলশান থানায় খবর দিলে পুলিশ এসে আবদুর রাজ্জাক, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও কিশোর আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করে। পালিয়ে যাওয়া জানে আলম অপুকে পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আবদুর রাজ্জাক ও জানে আলম অপু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সমন্বয়ক পরিচয় দেওয়া রাজ্জাক স্বীকার করেন, অভিযানকালে অপু একটি ‘শামমি ইয়ারপড’ নিয়ে এসেছিলেন। সেটি ফেরত দেওয়ার অজুহাতে তারা সকালে আবার ফ্ল্যাটে ঢুকে ভয় দেখিয়ে টাকা দাবি করেন। রাজ্জাক অনুশোচনা প্রকাশ করে আদালতে বলেন, ‘আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।’

অপর আসামি জানে আলম অপুও টাকা ভাগের কথা স্বীকার করেন। তিনি জানান, ১০ লাখ টাকা আদায়ের পর রাজ্জাকের বাড্ডার বাসায় বসে ৫ লাখ টাকা করে ভাগ করা হয়। নিজের ভাগের টাকা থেকে ৩ লাখ ৭ হাজার টাকা দিয়ে তিনি একটি ইয়ামাহা এফজেড-এক্স মোটরসাইকেল কেনেন এবং কিছু দেনা শোধ করেন। পরে তল্লাশি চালিয়ে রাজ্জাকের পূর্ব বাড্ডার বাসা থেকে সোয়া ২ কোটি টাকার একটি চেক, ২ লাখ ৯৮ হাজার টাকা নগদ ও ৩টি দামি মোবাইল উদ্ধার করা হয়। অপুর দেওয়া তথ্যে মোহাম্মদপুর থেকে কেনা মোটরসাইকেল ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করে পুলিশ।

প্রধান আসামি রাজ্জাকের আইনজীবী আকরাম হোসাইন জানিয়েছেন, তারা অভিযোগপত্রের কপি পর্যালোচনার পর আদালতে পিটিশন জমা দেবেন। অন্যদিকে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত কৌঁসুলি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, সমন্বয়ক পরিচয় দিয়ে অপরাধ চালানো রাজ্জাকই এই চাঁদাবাজির মূল হোতা এবং অভিযোগপত্র অনুযায়ী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। মামলার বাদী সিদ্দিক আবু জাফরের আইনজীবী জহুরুল আলমও তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন।