আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ: ৮ কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ৮টার পর থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভটি নরসিংহপুর, জামগড়া ও নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিলে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাইপাইল এলাকায় কয়েকটি দোকান ভাঙচুর এবং নরসিংহপুর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, পুলিশি অ্যাকশনে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালের দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করলেও পরে তারা কাজে যোগ না দিয়ে সড়কে বেরিয়ে আসেন। নিউএইজ, হা-মীম ও ভার্চুয়াল বটম লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বের হয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন।

শ্রমিক অসন্তোষের মুখে অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউএইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপসহ অন্তত ৮টি পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এসব কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করায় বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করতে হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।