যুক্তরাষ্ট্রে ভোটের মুখে সেনেট জরিপে স্বস্তি ডেমোক্র্যাটদের, মিশিগানে অস্বস্তি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকেরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখবে নাকি কংগ্রেসের ক্ষমতার চাবিকাঠি ডেমোক্রেটিক পার্টির হাতে যাবে, তা ঠিক হবে এই লড়াইয়ে। ভোটের ঠিক আগমুহূর্তে প্রকাশিত এক জনমত জরিপ ডেমোক্র্যাটদের জয়ের স্বপ্ন দেখালেও মিশিগান অঙ্গরাজ্যের দলীয় কোন্দল সেই স্বস্তির সঙ্গে খানিকটা অস্বস্তি ও অনিশ্চয়তা যোগ করেছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনের সব কটিতে এবং উচ্চকক্ষ সেনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি আসনে এবার ভোট গ্রহণ করা হচ্ছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি ও ডেমোক্র্যাটদের ২১৪টি আসন রয়েছে। অন্যদিকে সেনেটে রিপাবলিকানদের দখল ৫৩টি আসনে, আর ডেমোক্র্যাটদের রয়েছে ৪৫টি আসন, যাদের দুজন স্বতন্ত্র সেনেটর সমর্থন দিচ্ছেন। কঙ্গ্রেসে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে প্রতিনিধি পরিষদে ২১৮ এবং সেনেটে ৫১টি আসন প্রয়োজন হয়। রাজনৈতিক বিশ্লেষকদের হিসাব মতে, মূল লড়াই সীমাবদ্ধ থাকবে প্রতিনিধি পরিষদের প্রায় ৪০টি এবং সেনেটের ১০ থেকে ১২টি গুরুত্বপূর্ণ আসনে।

গত রবিবার নিউইয়র্ক টাইমস ও সিয়েনা বিশ্ববিদ্যালয় পরিচালিত যৌথ জরিপে দেখা গেছে, সেনেটের ভাগ্য নির্ধারণী মূল সাতটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যের কোনোটিতেই পিছিয়ে নেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ ৫৩ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকান মাইক রজার্সের (৪২ শতাংশ) চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছেন। টেক্সাস অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট জেমস টালারিকো ৫০ শতাংশ সমর্থন পেয়ে রিপাবলিকান কেন প্যাক্সটনের (৪৩ শতাংশ) চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে। মেইন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন রিপাবলিকান সেনেটর সুসান কলিন্সের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছেন। এছাড়া ওহাইও ও কানসাসে ডেমোক্র্যাট প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

তবে আলাস্কা ও আইওয়া অঙ্গরাজ্যে এই ব্যবধান অনেকটাই সংকুচিত। আলাস্কায় ডেমোক্র্যাট প্রার্থী ২ পয়েন্ট এবং আইওয়ায় মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছেন, যা জরিপের ত্রুটিসীমার (মার্জিন অব এরর) ভেতরের হিসাব। ফলে এই দুই অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এসব ফলাফলের ভিত্তিতে সাতটি আসনেই ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত বলা না গেলেও, গুরুত্বপূর্ণ কোনো আসনে পিছিয়ে না থাকাটা তাদের জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে।

এই আশাব্যাঞ্জক সমীক্ষার মধ্যেই মিশিগান অঙ্গরাজ্য থেকে এসেছে ডেমোক্র্যাটদের জন্য চরম বিব্রতকর এক খবর। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বা বাছাইপর্বে (প্রাইমারি) এল-সাইয়েদের কাছে পরাজিত ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হেইলি স্টিভেন্স রোববার প্রকাশ্যেই রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দেন। ডেট্রয়েটের একটি গির্জায় রজার্সের সঙ্গে দেখা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে প্রতিপক্ষ শিবিরের এমন অভ্যন্তরীণ ফাটলকে রাজনৈতিক উপহার হিসেবে সানন্দে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্টিভেন্সের এই সিদ্ধান্তের প্রশংসা করে তাঁকে রিপাবলিকান পার্টিতে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

এই বিরোধের গভীরে রয়েছে ইসরায়েল-গাজা সংকট নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরের পুরনো মতপার্থক্য। হেইলি স্টিভেন্স শুরু থেকেই ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে আল-সাইয়েদ গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং দেশটিতে মার্কিন সামরিক সহায়তার তীব্র সমালোচক। পার্টি প্রাইমারির সময়েও এই ইস্যুতে দুজন মুখোমুখি অবস্থানে ছিলেন। সম্প্রতি একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠনের তৈরি করা বিজ্ঞাপন নিয়ে দ্বন্দ্ব আরও তীব্র রূপ নেয়, যেখানে মার্কিন অর্থসহায়তার সঙ্গে যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সম্পর্ক টানা হয়েছিল। স্টিভেন্স বিষয়টিকে ইহুদিবিদ্বেষী উল্লেখ করে আল-সাইয়েদকে এর বিরুদ্ধে সোচ্চার হতে বলেন। আল-সাইয়েদের প্রচার দল বিজ্ঞাপনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে এবং আল-সাইয়েদ বক্তব্যটির সঙ্গে দ্বিমত প্রকাশ করলেও তা সরাসরি খণ্ডন করতে রাজি হননি।

পরিকল্পনা ছিল, রোববারের ডেট্রয়েটের গির্জার ওই অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে দুই নেতাকে একসঙ্গে এনে দলীয় ঐক্যের বার্তা দেওয়া হবে। কিন্তু তা ভেস্তে যায়। ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেত্রী ডেবি ডিঙ্গেল সিএনএনকে জানিয়েছেন, প্রচারের মূল বিষয়বস্তু থেকে মানুষের মনোযোগ সরে যাচ্ছিল বলেই তিনি স্টিভেন্সকে সেখানে যেতে নিষেধ করেছিলেন। তবে দৃশ্যত আমন্ত্রণ বাতিলের ওপর ভিত্তি করে বিরোধ মনে হলেও এর পেছনে দীর্ঘদিন ধরে চলা দলীয় মতভেদ কাজ করছে।

স্টিভেন্সের এই পদক্ষেপে ক্ষুব্ধ ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব। মিশিগান ডেমোক্রেটিক পার্টির সভাপতি কার্টিস হার্টেল অভিযোগ করেছেন, রজার্সের মতো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে স্টিভেন্স নিজের আদর্শ বিসর্জন দিয়েছেন। সেনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমারও আল-সাইয়েদের প্রতি দলের পুরো সমর্থন থাকার কথা পুনর্ব্যক্ত করেন। এমনকি স্টিভেন্সের দীর্ঘদিনের চিফ অব স্টাফ এবং দলীয় কর্মীরাও স্টিভেন্সকে এড়িয়ে আল-সাইয়েদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে স্টিভেন্সের বিরোধিতার ফলে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থনে উল্টো প্রতিক্রিয়াও দেখতে পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্টিভেন্সের ঘোষণার পরবর্তী মাত্র চার ঘণ্টার মধ্যে আল-সাইয়েদের প্রচারশিবির সর্বমোট ১২ লাখ ডলার অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। দলীয় প্রার্থীর বিপক্ষে সহকর্মীর এমন অবস্থান তার সমর্থক ও সাধারণ কর্মীদের আরও বেশি সক্রিয় করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

এই গৃহদাহ মিশিগানের সেনেট আসনটি ডেমোক্র্যাটদের হাতছাড়া করবে কি না, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাইমারিতে স্টিভেন্সকে ভোট দেওয়া বা ইসরায়েল ইস্যুতে আল-সাইয়েদের বিষয়ে দ্বিধান্বিত ভোটারদের সিদ্ধান্ত এতে প্রভাবিত হতে পারে। ভোটের অন্তিম সময়ে জীবনযাত্রার ব্যয় এবং ট্রাম্প প্রশাসনের ভূমিকার মতো মূল ইস্যুগুলোর বদলে নিজেদের ভেতরের বিভাজনের ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছে ডেমোক্র্যাটরা। জনমত জরিপ তাদের জন্য ভালো ফলাফলের ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত সমর্থকদের কেন্দ্রে এনে ভোট দেওয়ানো এবং দলীয় বিরোধ মিটিয়ে ফেলাই হবে ডেমোক্র্যাটদের প্রধান চ্যালেঞ্জ।