ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি, যা ওই দিনই রাত ৮টা থেকে কার্যকর হয়।
এর আগের মাস অক্টোবরেও ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল। তবে সরকারিভাবে দর নির্ধারণ করে দেওয়া হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ভোক্তাদের অভিযোগ ছিল, নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে অর্থাৎ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছিল।
শুধু বাসাবাড়ির এলপিজিই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ টাকা ৯৫ পয়সা, যা আগে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। এর আগে সেপ্টেম্বর মাসে অটোগ্যাসের প্রতি লিটার দর ছিল ৭৩ টাকা ৯ পয়সা। নতুন দামের সঙ্গে বিক্রেতাদের কমিশনও বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দিলে গত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের এলপিজি বাজারে অস্থিরতা তৈরি হয়। সেই সময় ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত মূল্যের ১২ কেজি এলপিজি সিলিন্ডার দেশের বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে।

