তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতার পেছনে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শিল্পমালিকেরা কাজ করছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রীও এর সঙ্গে যুক্ত আছেন বলে জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু শিল্পমালিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানা বন্ধ রেখেছেন। এ ধরনের মালিকদের একটি তালিকা তৈরি করে দেওয়ার জন্য মালিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেসব শ্রমিকনেতা ও সংগঠন এই অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে কলকাঠি নাড়ছেন, তাদের নামের তালিকাও চাওয়া হয়েছে। সরকার কোনো শিল্পকারখানা এক মুহূর্তের জন্য বন্ধ রাখতে চায় না বলে মন্ত্রী স্পষ্টভাবে জানান।
শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা ও পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ২৪ ঘণ্টার বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে এবং সেখানে ‘সুরক্ষা অ্যাপস’-এর সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। যোগাযোগের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ এবং মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট কর্মকর্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষ নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ বা প্রকৃত কোনো শ্রমিক এসব অস্থিতিশীল কর্মকাণ্ড ও সহিংসতার সঙ্গে জড়িত নন। পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের সমর্থিত কিছু গোষ্ঠী সাধারণ শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করছে, তাদের পেছনের ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে আইনশৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি হুশিয়ারি দেন।
ইতোমধ্যেই সহিংস ঘটনায় সম্পৃক্ত বেশ কজনকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান মন্ত্রী। পুলিশ ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড এবং অপরাধের সচিত্র প্রমাণাদি সংগ্রহ করেছে। উদাহরণ হিসেবে মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে একজনকে আটকের কথা তুলে ধরেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বমোট ৪৯ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে মন্ত্রী জানান, সরকার আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিল। মালিকপক্ষ নাম দিলেও শ্রমিক সংগঠনগুলো প্রতিনিধি নির্বাচন করতে কিছুটা সময় নেয়। গত পরশু রাতে শ্রমিক প্রতিনিধি নির্ধারিত হওয়ার পর প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠিত হয়েছে। এই বোর্ড দ্রুত সময়ের মধ্যে আলোচনা শুরু করে ন্যূনতম মজুরি ঘোষণা করবে। একই সঙ্গে শ্রমিকদের সুনির্দিষ্ট দাবি ও পরামর্শ শুনতে সোমবার বেলা তিনটায় শ্রমিক নেতাদের সঙ্গে সরকারের বৈঠক নির্ধারিত রয়েছে।
সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক নেতাদের আগামী ডিসেম্বরে দেশে ফেরা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তারা দ্রুত ফিরে আসুক, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? আমরা চাই তারা আইনের মুখোমুখি হয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের প্রক্রিয়ায় আসুক।' এই সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং শ্রমিকনেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

