টানা ১০ দিনের কঠোর অবরোধ ও ধ্বংসযজ্ঞ পরিচালনার পর অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরাইল। সোমবার হেবরনের গভর্নর খালেদ দুদিন জানিয়েছেন, ইসরাইলি সেনারা এলাকাটি ছেড়ে যাওয়ার পর ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সেখানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
গভর্নর খালেদ দুদিন আরও জানান, যেসব স্থানীয় পরিবারকে সামরিক অভিযানের মুখে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল, তারা এখন সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাসিন্দারা যাতে নিরাপদে নিজ নিজ বাড়িঘরে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
গত ২৩ অক্টোবর দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় ইসরাইলের দুই সেনা নিহত এবং আরও তিনজন আহত হওয়ার ঘটনার পর হেবরন শহরে এই অবরোধ আরোপ করেছিল ইসরাইলি সামরিক বাহিনী। পরবর্তীতে ওই দুই হামলাকারীকেও হত্যা করা হয়।
১০ দিনের এই দীর্ঘ সামরিক অভিযানে হেবরন শহর ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এ সময় দখলদার বাহিনীর সদস্যরা বেশ কিছু ফিলিস্তিনি বাড়িঘর দখল করে সেগুলোকে নিজেদের সামরিক চৌকিতে রূপান্তরিত করে। অভিযানের সময় জোরপূর্বক বাস্তুচ্যুতি ছাড়াও অসংখ্য বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
হেবরন গভর্নরেটের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর এই অভিযানে তিন হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে আল-জালদা ও আইন দেইর বাহা এলাকাগুলোতে এই ধ্বংসযজ্ঞের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এছাড়া অন্তত ১৫টি বাড়ি ও বিভিন্ন স্থাপনা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গভর্নরেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, এই অভিযানের ফলে স্থানীয় অবকাঠামো ও অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষাকার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

