ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) বিভিন্ন শ্রেণির প্রতিষ্ঠানের জন্য নিরীক্ষা বা অডিট ফি নির্ধারণ করে দিলেও অনেক ফার্ম তা মানছে না। নির্ধারিত ফির চেয়ে কম দর প্রস্তাব করে নিরীক্ষার কাজ বাগিয়ে নেওয়ার ফলে পেশাগত শৃঙ্খলা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠছে। আইসিএবি কাউন্সিলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক ফার্মই ন্যূনতম ফির চেয়ে কম মূল্যে নিরীক্ষা সম্পন্ন করছে, যা পেশার মানকে সংকটের মুখে ফেলছে।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে গত ৫ অক্টোবর আইসিএবি আয়োজিত সেমিনারে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অযৌক্তিকভাবে কম ফিতে নিরীক্ষার কাজ করা গুণগত মানের জন্য ক্ষতিকর। শুধু ফি নির্ধারণ করলেই হবে না, বরং তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। নির্ধারিত ফির চেয়ে কম নিলে সংশ্লিষ্ট নিরীক্ষকদের তালিকা থেকে বাদ দেওয়া এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্বাহী পরিচালক তারেক কামাল জানান, কম ফিতে অডিট করলে কোয়ালিটি কম্প্রোমাইজ হওয়ার ঝুঁকি থাকে। ৫০ কোটি টাকা টার্নওভারের কোম্পানি যদি মাত্র ৫০ হাজার টাকা ফি দেয়, তবে সেই রিপোর্টের মান কেমন হবে তা সহজেই অনুমেয়। তবে তিনি আইসিএবির বর্তমান ফি সূচিতে কিছু ত্রুটি থাকার কথাও উল্লেখ করেন।
আইসিএবি প্রেসিডেন্ট সাব্বির আহমেদ জানান, ২০১৬ সালে নির্ধারিত ফি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই নতুন করে অডিট ফি নির্ধারণের জন্য গভীর পর্যালোচনা চলছে। তিনি আরও বলেন, আমরা কোম্পানির ঝুঁকি ও জনস্বার্থের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি। যেসব কোম্পানির ঝুঁকি ও জনস্বার্থের সংশ্লিষ্টতা বেশি, তাদের অডিট ফিও বেশি হবে।
আইসিএবির সূচি অনুযায়ী, ৫০ কোটি টাকা পর্যন্ত টার্নওভারের তালিকাভুক্ত উৎপাদনশীল কোম্পানির ন্যূনতম অডিট ফি ৩ লাখ ৫০ হাজার টাকা এবং অন্যান্য খাতের কোম্পানির জন্য ৫ লাখ টাকা। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির ক্ষেত্রেও একই পরিমাণ ফি নির্ধারিত রয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের জন্য ২৫ লাখ টাকা ন্যূনতম ফি ধার্য করা হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ৫ কোটি টাকা পর্যন্ত টার্নওভার হলে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ক্রমান্বয়ে ফি বৃদ্ধির কাঠামো রয়েছে। পাঁচ থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত সম্পদ বা টার্নওভার থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম ফি ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি পায়। ২৫ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত সম্পদ বা টার্নওভার থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফি কাঠামোতে ১০০, ১৫০, ২৫০, ৩০ ও ৩৫ কোটি টাকার মতো বিভিন্ন স্ল্যাব রয়েছে। অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তহবিল ব্যবহারের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হলে ন্যূনতম অডিট ফি ৫০ হাজার টাকা এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণ স্থিতি ৫ কোটি টাকা পর্যন্ত হলে ন্যূনতম ফি ১ লাখ টাকা। এছাড়া ব্যাংকের ক্ষেত্রে ৫০টি পর্যন্ত শাখা থাকলে প্রধান কার্যালয়ের নিরীক্ষার ন্যূনতম ফি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য ২০২৫-২৬ অর্থবছর থেকে ব্যাংকের বহিঃনিরীক্ষার জন্য আলাদা ফি নির্ধারণ করেছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)।
আইসিএবি আন্ডারকাটিং বা কম ফিতে কাজ গ্রহণকে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে। এর প্রতিকারে অডিট ওয়ার্কিং পেপার পর্যালোচনার সুযোগ থাকলেও যথাযথ মনিটরিংয়ের অভাবে অনেক ফার্মই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। নিরীক্ষার মান উন্নয়নে বিএসইসি ও আইসিএবি ঝুঁকিভিত্তিক পূর্ণাঙ্গ অডিট ফি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে।

