ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার সশস্ত্র বাহিনীকে যেকোনো আক্রমণের বিরুদ্ধে তাৎক্ষণিক, সুদূরপ্রসারী এবং ভৌগোলিক সীমারেখাহীন কঠোর পাল্টা আঘাত হানার নির্দেশ দিয়েছেন।
রোববার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানে নতুন করে সামরিক অভিযান চালাতে সম্পূর্ণ প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলো মার্কিন হামলার লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।
ট্রাম্প আরও জানান, এই হামলা মাত্র ১০ মিনিটের মধ্যেই চালানো সম্ভব এবং এ বিষয়ে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা যেতে পারে। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও সেন্টকম প্রধানের সঙ্গে বৈঠকে ট্রাম্প সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানে তিনি যুদ্ধের বিষয়ে নতুন দিকনির্দেশনা প্রদান করেন। খামেনি স্পষ্ট ভাষায় বলেন, শত্রুর যেকোনো পর্যায়ের হুমকির জবাব দিতে হবে তাৎক্ষণিকভাবে। যুদ্ধের মেয়াদ বা সমাপ্তি কখন হবে, তা ইরান ও দেশটির জনগণ নির্ধারণ করবে বলেও তিনি জানান।
সর্বোচ্চ নেতার এমন নির্দেশনার পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেন মহেবি জানিয়েছেন, খামেনির এই বক্তব্য যুদ্ধের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। মহেবি আরও জানান, আইআরজিসি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য নতুন নতুন ভৌগোলিক অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত ও চূড়ান্ত করার কাজ শুরু করেছে।

